সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেটের, একজন সুনামগঞ্জের এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫৪ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৯৫ জন চিকিৎসাধীন রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


