কবি নজরুল ছিলেন জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ: মশিউর রহমান বিপ্লব

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি তার অনন্য লেখনির মাধ্যমে বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কবির সাহিত্যকর্মে পরাধীনতা, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের বাণী যেভাবে উচ্চারিত হয়েছে, তা যুগে যুগে আমাদের অনুপ্রাণিত করে। অসামান্য ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন কবি নজরুল ইসলাম।
রোববার (২৪ মে) বিকেলে ফেনীতে কবি নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কবির জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মশিউর রহমান বিপ্লব।
তিনি বলেন, নজরুল জন্মেছিলেন এবং বেড়ে উঠেছিলেন এক পরাধীন সমাজে। ফলে পরাধীনতার গ্লানি তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন। শোষিত ও নিপীড়িত মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি এবং সমাজে তাদের মর্যাদার স্বীকৃতি দেওয়াই ছিল কবির আজীবন সাধনা।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সভাপতি মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান।
জোটের প্রধান সমন্বয়কারী সৈয়দ আবদুল্লাহ আল মামুনের সার্বিক পরিচালনা ও এম এফ রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
