logo
Advertisement

সাভারে পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

এশিয়া পোস্ট নিউজ, সাভার
সাভারে পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২
ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও কয়েক বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সাভার রাজাশন এলাকার চিহ্নিত মাদক কারবারি শামীম গ্যারেজসংলগ্ন বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল সাভারের রাজাশন এলাকার চিহ্নিত মাদক কারবারি শামীমের বিভিন্ন পয়েন্টের বাসাবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, রাজাশন এলাকায় একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও চার-পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের নাম-ঠিকানা যাচাই-বাছাইসহ আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।