হাওরে হাঁসকে খাবার দেওয়ার সময় বজ্রপাতে খামারির মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসকে খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামারের মালিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, সকালে শফিকুল খাবার খাওয়ানোর জন্য নিজের খামারের হাঁস নিয়ে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে যান। সেখানে বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

