Advertisement

হামলার প্রতিবাদে হবিগঞ্জ যাচ্ছিলেন এনসিপি নেতারা, শ্রীমঙ্গলে পুলিশের বাধা

এশিয়া পোস্ট ডেস্ক
হামলার প্রতিবাদে হবিগঞ্জ যাচ্ছিলেন এনসিপি নেতারা, শ্রীমঙ্গলে পুলিশের বাধা
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় তাদের বহনকারী গাড়িবহরটি পুলিশি বাধার মুখে পড়ে।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন। বিকেল সাড়ে ৪টার দিকে চা-কন্যা মোড়ে পুলিশের সদস্যরা তাদের পথরোধ করেন। গাড়িবহরে এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের ওপর ছাত্রদলের একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং সাংবাদিকদের ব্যবহৃত কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

হামলার সময় আত্ম রক্ষার্থে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় সোনালী ব্যাংকের ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। রাতে এনসিপি নেতারা মৌলভীবাজারে গিয়ে অবস্থান নেন।

গতকাল রাতের ঘটনার প্রতিবাদে এনসিপি আজ বুধবার মৌলভীবাজারে পূর্বঘোষিত দুটি 'জুলাই পদযাত্রা' সাময়িক স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়।

অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও একই দিনে পাল্টা কর্মসূচির ঘোষণা দিলে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল থেকে হবিগঞ্জ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিষয় :হবিগঞ্জ