পেকুয়ায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়া উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা এলাকার আবদুর রশিদের ছেলে হাসান আলী এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার।
আহতরা হলেন পেকুয়া উপজেলার হরিণাপাড়ি এলাকার সিরাজ, শাহেদ, মাতামুহুরী উপজেলার পাখি বেগম ও রামিম।
স্থানীয়রা জানান, পেকুয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস টৈইটং বাজার এলাকায় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটিকে দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ছয় যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান। বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


