ময়মনসিংহে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী আইডিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেতন বাড়ানোর দাবিতে দুপুর ২টার দিকে আইডিয়া মোড় এলাকায় অবস্থিত পিএ নীট কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, বিজিবি ও ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। মহাসড়কে নেমে আসার আধা ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক ছাড়তে বাধ্য হন।
এ বিষয়ে শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, বিকেলে পিএ নীট কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এ ঘটনায় কারখানাটি এক দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বুধবার থেকে কারখানা আবারও চালু হবে।

