logo
Advertisement

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরসূচিতে যা থাকছে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ঠাকুরগাঁও
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরসূচিতে যা থাকছে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার (৬ সেপ্টেম্বর) প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে তিনি অবতরণ করবেন। সেখান থেকে তিনি সরাসরি জেলা সার্কিট হাউসে যাবেন এবং গার্ড অব অনার গ্রহণ করবেন।

এরপর রাষ্ট্রপতি শহরের সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে তার বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। দুপুরে নিজ বাসভবনে বিশ্রামের পর বিকেল ৩টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে একই দিন বিকেলেই হেলিকপ্টারযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ঠাকুরগাঁও শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের প্রধান সড়কগুলোতে তোরণ নির্মাণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, সফরকে ঘিরে পুরো জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।