পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ মো. আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিউকিউটর (এপিপি) অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত পারভেজ মো. আবুল কালাম (৩৯) চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার খামারপাড়ার মেহের আলীর ছেলে।
এপিপি ইফতেখার মাহমুদ জানান, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে এক চোর হানা দেয়। সে সময় ওই গৃহবধূকে জিম্মি করে দুটি মুঠোফোন ও আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয় সে। এতে গৃহবধূ ও তার দুই শিশুসন্তান আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে ওই যুবক গৃহবধূকে রান্নাঘরে নিয়ে রামদা দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পারভেজকে শনাক্ত ও গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত পারভেজ মো. আবুল কালামকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।


