logo

সিলেটে প্রকাশক পরিষদের বইমেলার অনুমোদন বাতিল

সিলেটে প্রকাশক পরিষদের বইমেলার অনুমোদন বাতিল

সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলার অনুমোদন আগের রাতে বাতিল করেছে মহানগর পুলিশ। শুক্রবার থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী এই বইমেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হঠাৎ করেই মেলার অনুমোদন বাতিল করে দেয় পুলিশ। যদিও এর আগে পুলিশের পক্ষ থেকে মেলা আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার উপকমিশনারের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজনের পূর্বের দেওয়া অনুমোদন বাতিল করা হলো।

এদিকে, এর আগে পুলিশের অনুমোদন পেয়ে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল প্রকাশক পরিষদ। শহীদ মিনার প্রাঙ্গণে স্টল নির্মাণসহ সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছিল। হঠাৎ করে আগের রাতে মেলার অনুমোদন বাতিল করায় ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন প্রকাশকরা।

আয়োজকরা জানান, এই মেলায় ঢাকা ও সিলেটের ২০টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিচ্ছিল। এরই মধ্যে ঢাকার প্রকাশনী প্রতিষ্ঠানগুলো সিলেটে চলে এসেছে। মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

মেলার আয়োজক সংগঠন প্রকাশক পরিষদ জানায়, অন্তর্বর্তী সরকার আমলে গত বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রকাশক পরিষদ, সিলেট বইমেলা আয়োজন করেছিল। তখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি তুলে ধরে মেলা বাতিল করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও একইভাবে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশক পরিষদ নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।

পরিষদের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বলেন, আমরা মেলার সব আয়োজন শেষ করেছি। স্টল তৈরির কাজ শেষ। ঢাকা থেকেও অনেকে এসেছে। কিন্তু হঠাৎ অনুমোদন বাতিল করায় আমরা মানসিক ও আর্থিক দুভাবেই ক্ষতির মুখে পড়লাম।

মেলার আয়োজন বাতিল প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মেলার অনুমোদন বাতিল করা হয়েছে।

সিলেটে বইমেলা আয়োজনের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই- এমন প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তা সিদ্ধান্ত নিয়েছেন। আমি এর বেশি কিছু বলতে পারব না।