logo

মারা গেছেন দুই বছর আগে, এখন তারা নাশকতার মামলার আসামি

মারা গেছেন দুই বছর আগে, এখন তারা নাশকতার মামলার আসামি
দুই বছর আগে মারা যাওয়া শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আজগর ও সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী। ছবি: এশিয়া পোস্ট

মারা গেছেন ২০২৪ সালে। কিন্তু চলতি বছর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মামলার আসামি হলেন গাজীপুরের শ্রীপুরের সাবেক দুই জনপ্রতিনিধি। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন গত ২৪ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করনে।

মামলায় ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরকে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

Advertisement

এছাড়া একই মামলায় ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। ২০২৪ সালের ২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত সামসুল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশ।

মৃত ইউপি সদস্য ইদ্রিস আলীর ভাই ও স্কুলশিক্ষক বলেন, একজন মৃত ব্যক্তি কী করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? তিনি তো ২০২৪ সালে মারা গেছেন। তাকে এখন কবর থেকে তুলে পুলিশ কারাগারে পাঠাতে পারে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, মামলায় তো অনেক আসামি। কী করে মৃত ব্যক্তির নাম আসল, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাদের মৃত্যু সনদ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।