শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : এশিয়া পোস্ট

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে কোনো আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের উত্তরে রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) যেভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, আইনের চোখে সবাই সমান। দেশের প্রচলিত আইন অনুযায়ী যে প্রক্রিয়া রয়েছে, সেটিই সবাইকে অনুসরণ করতে হবে।

এদিকে বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা (শ্যাডো ক্যাবিনেট) গঠন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই এ ধরনের রাজনৈতিক চর্চা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, যদি ছায়া মন্ত্রিসভা গঠন করে তারা মন্ত্রণালয়ভিত্তিক বিকল্প পরিকল্পনা তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ দেন, তাহলে সেটি অবশ্যই স্বাগতযোগ্য।