logo
ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ময়মনসিংহে মহাসড়ক ফাঁকা থাকলেও মোড়ে মোড়ে যানজট

ময়মনসিংহে মহাসড়ক ফাঁকা থাকলেও মোড়ে মোড়ে যানজট
ছবি: এশিয়া পোস্ট

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলের দিকে শিল্পাঞ্চল খ্যাত ময়মনসিংহের ভালুকা, রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ফিরতে শুরু করেছে হাজারো মানুষ। তবে যাত্রাপথে ময়মনসিংহের বেশিরভাগ অংশ স্বাভাবিক থাকলেও নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ মোড়, পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, পাটগুদাম ব্রিজ মোড় এবং বাইপাস মোড় এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ঈদের ছুটি শেষে একযোগে বিপুলসংখ্যক মানুষ ঢাকা অভিমুখে রওনা হওয়ায় এসব স্থানে চাপ কয়েকগুণ বেড়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, শম্ভুগঞ্জ মোড় ও পাটগুদাম ব্রিজ এলাকায় একাধিক দিক থেকে যানবাহন প্রবেশ করায় যান চলাচল ধীর হয়ে পড়ে। এর সঙ্গে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশেষ করে ব্রিজ মোড়ে যানবাহনের চাপ সবচেয়ে বেশি। এই স্থানে এলোপাতাড়ি গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোয় যানবাহনের জটলা হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট।

যাত্রীরা জানান, মোড়গুলোতে থেমে থেকে চলছে গাড়ির চাকা। পরিবার-পরিজন নিয়ে ফেরার পথে শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।

তবে স্বস্তির বিষয় হলো, ময়মনসিংহ নগরীর যানজটপূর্ণ অংশ পার হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের বাকি অংশে যানজট নেই। ফলে নগরীর চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ধীরগতির কারণে সাময়িক ভোগান্তি হলেও পরবর্তী পথের যাত্রা তুলনামূলক স্বাভাবিক ও নির্বিঘ্ন।

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন মুর্শিদা খাতুন। তিনি বলেন, বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপর দীর্ঘ এক ঘণ্টা যাবত যানজটে আটকে আছে বাস। গাড়ির ভেতরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ পর গাড়ির চাকা একটু সচল হতে না হতেই আবারও থেমে যাচ্ছে। পাটগুদাম ব্রিজ মোড়ে এলোপাতাড়ি গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানোয় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

একই এলাকায় পড়শী পরিবহনের বাসের ভেতরে বসে থাকা মনির হোসেন বলেন, গুটি কয়েক ট্রাফিক পুলিশ যানজট নিরসনে হিমশিম খাচ্ছে। তবে আইন অমান্য করে গাড়ি যেখানে সেখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করলে ওইসব গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া উচিত। এতে অনেক চালক সচেতন হবে।

ঢাকাগামী একটি বাসের চালক আব্দুল আজিজ। তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদ-পরবর্তী সময়ে ময়মনসিংহ নগরীর প্রবেশ ও বের হওয়ার কয়েকটি পয়েন্টে যানজট দেখা দিলেও মহাসড়কের অধিকাংশ অংশ সচল থাকায় দীর্ঘমেয়াদি দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন ঢাকামুখী যাত্রীরা। আমাদের গাড়ির তেলও বাড়তি খরচ হচ্ছে না। তবে মোড়গুলোতে দীর্ঘক্ষণ গাড়ি না থামলে মানুষ আরও স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারবে।

এ বিষয়ে ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম মাওলা বলেন, ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের চাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।