logo
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ

চালু হচ্ছে কুমিল্লা শিশু হাসপাতাল

চালু হচ্ছে কুমিল্লা শিশু হাসপাতাল
কুমিল্লার ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল। ছবি : এশিয়া পোস্ট

দীর্ঘ দুই বছর ধরে অবকাঠামো প্রস্তুত থাকলেও চালু হয়নি কুমিল্লার ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল। অবশেষে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং এশিয়া পোস্টে গুরুত্বসহকারে প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনায় হাসপাতালটি চালুর উদ্যোগ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা যায়, কুমিল্লাসহ দেশের ছয়টি জেলায় নির্মিত শিশু হাসপাতালগুলো দীর্ঘদিন চালু না হওয়ায় বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে কুমিল্লা শিশু হাসপাতাল নিয়ে এশিয়া পোস্টে প্রথম এ সংবাদটি প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় প্রশাসন। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরগুলো হাসপাতাল চালুর বিষয়ে জরুরি তৎপরতা শুরু করে।

আরও জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিশু হাসপাতালটির কাজ ২০২৪ সালের জুনে শেষ হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক জটিলতার কারণে হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ পড়ে ছিল।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি সূত্র জানায়, ভবন নির্মাণ শেষে দায়িত্ব বুঝে নেওয়া নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জটিলতা তৈরি হয়। এ ছাড়া হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় আসবাব, যন্ত্রপাতি ও জনবল নিয়োগের আলাদা বরাদ্দ না থাকায় চালু প্রক্রিয়া থমকে যায়।

কুমেক হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান জানান, হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় জনবল, এনআইসিইউসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামের চাহিদাপত্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে কুমিল্লাসহ আশপাশের জেলার শিশু রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবে এবং ঢাকার ওপর চাপ কমবে।

এদিকে কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ এশিয়া পোস্টকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আমরা আশাবাদী খুব দ্রুতই হাসপাতালটি চালু করা সম্ভব হবে।