পানির চাপে ধসে গেল কালভার্ট, বিচ্ছিন্ন ২০ গ্রামের যোগাযোগ

এক দিনের টানা বৃষ্টি ও খালের পানির প্রবল স্রোতে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের একটি কালভার্ট ধসে পড়েছে। কালভার্টটি ধসে পড়ার পাশাপাশি সংযোগ সড়কের প্রায় ৩০ ফুট অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২০টি গ্রামের মানুষের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে কালভার্টটি ধসে পড়ার পর থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে খালের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। শুক্রবার দুপুরে প্রবল পানির চাপে কালভার্টের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে সেটি ধসে পড়ে। কালভার্ট ধসের সঙ্গে সঙ্গে সংযোগ সড়কের মাটিও ধসে যায়। কালভার্টটি ভেঙে যাওয়ায় স্থানীয়দের অনেকেই এখন বাড়তি সময় ও অতিরিক্ত খরচে দীর্ঘ বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে খালের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাত্র কয়েক মাস আগেই এই সড়কের কাজ শেষ হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে কালভার্ট ধসে পড়ায় আমরা চরম বিপাকে পড়েছি। প্রশাসন যেন দ্রুত একটি বিকল্প যাতায়াত ব্যবস্থা চালু করে এবং এখানে একটি টেকসই নতুন কালভার্ট নির্মাণ করে, আমরা সেই দাবি জানাচ্ছি।’
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ধসে পড়া কালভার্টটি পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নতুন কালভার্ট নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





