logo

রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
নিহত পিয়ারুল সরদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের স্বজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তার বুকে দুটি গুলির ক্ষত ছিল।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল জানান, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। দ্রুত ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ সময় স্বজনেরা মরদেহ ফরিদপুরে নেওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত পিয়ারুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তিনি জামিনে মুক্তি পান।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পাশাপাশি হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।