বিজিবির উপস্থিতি টের পেয়ে চুইঝাল ফেলে পালাল চোরাকারবারিরা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় চুইঝাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে জুম্মারপাড় সীমান্ত এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮০২ নম্বর প্রধান পিলারের ১৭ নম্বর উপ-পিলারের কাছে পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় এলাকা দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার নিউ কুচলিবাড়ী এলাকার চোরাকারবারিরা পরস্পর যোগসাজশে চুইঝালের চালান নিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কুচলিবাড়ী ক্যাম্পের একটি টহল দল ওই এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। সীমান্ত রেখা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চুইঝালের বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৩৯০ কেজি চুইঝাল জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। বিজিবির জব্দ তালিকা (সিজার লিস্ট) অনুযায়ী উদ্ধারকৃত এই চুইঝালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এ এফ এম জুলকার নাঈন জানান, সীমান্তে চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং আন্তঃসীমান্ত অপরাধ বন্ধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে।
