চাঁদপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় শিশুসহ আহত ৫

নির্বাচন-পরবর্তী সহিংসতায় চাঁদপুরের ফরিদগঞ্জের কয়েকটি স্থানে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর ও বৃহস্পতিবার রাতে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে যুবদল নেতা আক্তার হোসেনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা।
আক্তার হোসেন জানান, শুক্রবার সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আলমগীরের নেতৃত্বে একদল লোক তার বসতঘরে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে তারা। হামলাকারীদের আঘাতে আক্তার হোসেন (৪০), তার মেয়ে জান্নাত (৯), আনোয়ার হোসেন, তারেক ও আকবর আহত হন। এ ছাড়া আক্তার হোসেনের বাবা-মাকেও মারধর করে হামলাকারীরা।
অপরদিকে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামে বিএনপি নেতা রুহুল আমিনের ঘরে বৃহস্পতিবার রাতে হামলা ও ভাঙচুর চালানো হয়। রুহুল আমিন জানান, রাত প্রায় সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক যুবদল নেতা রিয়াদ গাজী, মিশরসহ কয়েকজন তার বাড়িতে হামলা করে। এ সময় তার ঘরের জানালা ভাঙচুর করে।
হামলাকারীরা বিজয়ী প্রার্থীর প্রতীকের স্লোগান দিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, ওই রাতেই স্থানীয় বিরামপুর বাজারে ইউনিয়ন বিএনপির অফিসটিও ভাঙচুর করা হয়।
সংবাদ পেয়ে উভয়স্থানে থানা-পুলিশ শুক্রবার সকালে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।