এনসিপি থেকে একযোগে ৮৭ জনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আহ্বায়কসহ ৮৭ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে জুরাছড়ি উপজেলা আহ্বায়ক ও জেলা সদস্য অসীম চাকমা তথ্যটি নিশ্চিত করেছেন।
অসীম চাকমা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্মিলিত সিদ্ধান্তে তারা সবাই দল থেকে পদত্যাগ করেছেন। তার ভাষ্য, জুরাছড়ি উপজেলা শাখার সব সদস্যের সম্মতিক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা নিয়ে তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট করে সেই চেতনা থেকে সরে এসেছে বলে তাদের মনে হয়েছে। এতে দলটির স্বকীয়তা ও আদর্শ ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
সবশেষে অসীম চাকমা বলেন, আমাদের পক্ষে সেই আদর্শ আর লালন করা সম্ভব হচ্ছে না। তাই আমরা সম্মিলিতভাবে সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও বিলুপ্তির ঘোষণা দিয়ে দল থেকে পদত্যাগ করেছি।
এ বিষয়ে রাঙামাটি জেলা এনসিপির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, জুরাছড়ি উপজেলার ৮৭ জনের পদত্যাগপত্র তিনি পেয়েছেন। এ বিষয়ে দলের ভেতরে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।