logo
Advertisement

গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
নিহত পুলিশ সদস্য হাবিবুর রহমান। ছবি: পুলিশ সূত্রে পাওয়া

গাইবান্ধায় পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ব্যারাকের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করেন তার সহকর্মীরা।

হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ার মন্টু মিয়ার ছেলে। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ঢাকা থেকে এসে গাইবান্ধা পুলিশ সুপারের বাসভবনে প্রহরীর দায়িত্বে যোগ দেন হাবিবুর। বুধবার বিকেলে ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সহকর্মীদের সন্দেহ হয়। গার্ড কমান্ডার সোহেল মিয়া কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্য সদস্যদের সহায়তায় দরজা খোলেন। পরে ভেতরে হাবিবুরের মরদেহ পাওয়া যায়।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে পারিবারিক কোনো বিষয়সহ অন্য কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার আগে হাবিবুর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তবে ওই কথোপকথন বা পারিবারিক কোনো বিষয় তার মৃত্যুর সঙ্গে যুক্ত কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল জানান, হাবিবুরের পরিবারের সদস্যদের ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।