logo

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন: জামায়াত আমির

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি ৫৪ বছর ধরে যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে। দুর্নীতিবাজদের পেট থেকে চুরির মাল বের করে আনা হবে।

তিনি বলেন, যারা অতীতে দুর্নীতিতে লিপ্ত ছিল, তাদের নতুন করে দেওয়ার কিছু নেই।

জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গ কোনো ‘সৎ মায়ের সন্তান’ নয়। জামায়াত ক্ষমতায় গেলে উন্নয়নের যাত্রা শুরু হবে এই বঞ্চিত অঞ্চল থেকেই। বিশেষ করে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের কৃষি ও অর্থনীতির চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। 

বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপির কড়া সমালোচনা করেন।  এ সময় বিএনপিকে দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমার পর কিছুটা ‘বিশ্রাম’ নেওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি দেশের সেবায় জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। 

এ ছাড়া নারীদের মর্যাদা রক্ষা এবং তরুণদের হাতে আগামীর নেতৃত্ব তুলে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আসন্ন গণভোট ও নির্বাচনে 'হ্যাঁ' এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

এর আগে, সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আরও একটি নির্বাচনি সভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। সেখানেও তিনি একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর জোর দেন।