দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে ৩৪ কেজি গাঁজা লুট, গ্রেপ্তার ৩

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে কৌশলে সরিয়ে নেওয়া প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নাটোর পুলিশ সুপার কার্যালয়ের চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক।
এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িরভাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুড়িরভাগ গ্রামের মঈন উদ্দিনের ছেলে পারভেজ মোস্তফা, নাছির শেখের ছেলে নজরুল ইসলাম ও মৃত কটু প্রামাণিকের ছেলে শাহাদৎ হোসেন।
পুলিশ সুপার জানান, গত ৯ সেপ্টেম্বর নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ গ্রামে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যান এবং এক যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরা দুর্ঘটনাকবলিত অটোরিকশাতে থাকা তিনটি চটের বস্তায় ভরা গাঁজা কৌশলে সরিয়ে নিয়ে নিজ নিজ বাড়িতে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পাঁচ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুর্ঘটনাকবলিত সিএনজিতে থাকা গাঁজা কয়েকজন ব্যক্তি গোপনে সরিয়ে নিয়েছেন। এর ভিত্তিতে সোমবার বিকেলে বুড়িরভাগ গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


