logo

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা /২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন

২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
কারামুক্তির পর কাশিমপুর কারাগারের ফটকে অনুসারীদের ফুলেল শুভেচ্ছায় টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। ছবি : এশিয়া পোস্ট

দীর্ঘ ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন গাজীপুরের টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। আলোচিত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় জামিন পাওয়ার পর মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান তার স্বজন ও সমর্থকরা।

নুরুল আমিন টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

স্বজনেরা জানান, জেল কোডের ৫৬৯ ধারায় বন্দিমুক্তির বিধান অনুযায়ী ২২ বছর কারাভোগ সম্পন্ন করায় তার মুক্তির আবেদনের চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সার্বিক বিষয় যাচাই-বাছাই শেষে তাকে কারামুক্তির সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন।

কারামুক্তির পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নুরুল আমিন বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে আমাকে আসামি বানিয়ে দীর্ঘ সময় ধরে নির্যাতন করেছে বিগত সরকার। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসাবশত যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন এই শ্রমিক নেতা।