logo

৫০০ টাকার ভাড়া ৭৫০ নিয়ে জরিমানা দিলেন ২০ হাজার

৫০০ টাকার ভাড়া ৭৫০ নিয়ে জরিমানা দিলেন ২০ হাজার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুই বাসের টিকিট কাউন্টার ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার বাসস্ট্যান্ড ও রণবাঘা এলাকায় এই অভিযান চালানো হয়।

আদালত সূত্র জানায়, গত রবিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের একটি কাউন্টারে ৫০০ টাকার টিকিট ৭৫০ টাকায় কিনতে বাধ্য হন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী। এ নিয়ে তিনি তাৎক্ষণিক প্রতিবাদ জানান। পরে যাত্রী ভোগান্তি রোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগের সত্যতা যাচাইয়ে বুধবার সকাল সাড়ে আটটায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও রণবাঘা এলাকায় অভিযানে নামেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযানে দেখা যায়, শাহ ফতেহ আলী বাস কাউন্টারসহ একাধিক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। অনেক কাউন্টারে ভাড়ার তালিকাও ঝোলানো ছিল না।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে আব্দুল মান্নান ও সবুজ নামের দুই কাউন্টার ম্যানেজারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, যাত্রীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।