logo

মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর

মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর
ককটেল বিস্ফোরণে লন্ডভন্ড হওয়া ঘর। ছবি: এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে লন্ডভন্ড হয়ে যায় বাড়ির ঘর।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে একই সঙ্গে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ ঘটলে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের ধারণা, এলাকাজুড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব ককটেল মজুত করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত আনুমানিক ৮টার দিকে নরসিয়া গ্রামের মো. ইসহাক আলীর ছেলে মো. এহুর (৪৭) বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। তার বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা আনুমানিক ১৫ থেকে ২০টি ককটেল একসঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এশিয়া পোস্টকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে ককটেলগুলো মাটির নিচে জমা করে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত গ্রেপ্তারসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।