সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাজী আশরাফের মৃত্যুতে নড়াইলে কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের মেয়ের জামাতা সনি চৌধুরী জানান, রোববার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে মনসুরাবাদ এলাকায় চলন্ত মোটরসাইকেলটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কাজী আশরাফের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত একজনকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।


