অবৈধ বালু পরিবহনে চার বাল্কহেড মালিককে দুই লাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে চারটি বাল্কহেড মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে হানিফের মালিকানাধীন দুটি, রহিমের একটি এবং তুহিনের একটি বাল্কহেড রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ মালিক ও চালকদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
.png)






