বান্দরবানে পর্যটকবাহী জিপ উল্টে নিহত ২

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি জিপ গাড়ি উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু নৌঘাটের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একটি চাঁদের গাড়ি যাত্রী নিয়ে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু নৌঘাটের দিকে যাচ্ছিল। পথে একটি ঢালু সড়ক দিয়ে নিচে নামার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে এটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ৩৮ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মরদেহ আলীকদম থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করবে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ৩৮ বিজিবির অ্যাডজুট্যান্ট মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
