logo

স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক

স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি করেছে শিক্ষা অফিস। এ ছাড়া শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছে ছাত্রের পরিবার।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, এ ঘটনায় গত ১৪ এপ্রিল অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ওমর ফারুক উপজেলার আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালেপেরহাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাত ৯টার দিকে নাগেশ্বরী পৌরসভার টিএনটি মোড় এলাকায় নিজের বাড়িতে যাওয়ার সময় ওই ছাত্রকে সঙ্গে নেন অভিযুক্ত শিক্ষক। রাত প্রায় পৌনে ১১টার দিকে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় বাড়িতে তার স্ত্রী-সন্তান কেউ উপস্থিত ছিলেন না। পরে ছাত্রকে মারধর করে ধর্ষণ করা হয়। রাতভর নির্যাতনের পর ভোরে তাকে গোসল করিয়ে স্কুলের আবাসিকে রেখে পালিয়ে যান শিক্ষক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, এ ঘটনায় গত ১৪ এপ্রিল অভিযোগ পাওয়া গেছে। ওই দিন থেকেই বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বিষয়টি তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সোমবার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ ও র‌্যাব কাজ করছে। তার অবস্থান শনাক্ত করা যায়নি।