logo

এবার খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা

এবার খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনায় ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) খুলনার মূখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলার আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) আদালতে মামলার আবেদন করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

এজাহারে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার ওয়াজ মাহফিলের একটি অংশ ভাইরাল হয়েছে। যেখানে কোকোকে নিয়ে কটূক্তি করতে দেখা যায়। এতে আরাফাত রহমান কোকোর পরিবার, বিএনপি নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী বাবুল হাওলাদার গণমাধ্যমকে বলেন, ইসলামী বক্তা আমীর হামজা সম্প্রতি এক ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করেন। এতে আমার মক্কেল ক্ষুব্ধ হয়েছেন। তিনি মনে করেছেন এতে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমানের পরিবারের মানহানি হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে মামলাটি করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামী ২৪ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।