মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৩২) নিহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঢাকামুখী ‘আরাম পরিবহন’ থেকে নেমে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)






