logo

কৃষক দল নেতার চুরি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

কৃষক দল নেতার চুরি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষক দল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে তাকে বহিষ্কারের নোটিশ করা হয়।

সাহাব উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য ছিলেন।

জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নিদের্শনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাব উদ্দিনকে দলীয় সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারসঙ্গে কৃষক দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার আহ্বান জানানো হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩-৪ দিন আগে সাহাব উদ্দিনসহ দুইজন পাশের কুশাখালী ইউনিয়নের একটি ঘরে চুরি করতে ঢুকেন। ঘরের সিসি ক্যামেরর ফুটেজে সেই দৃশ্য ধরা পড়ে। লুঙ্গি ও শার্ট পরিহিত নেতার হাতে একটি চুরি ও একটি টর্চলাইট ছিল। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ ঘটনায় ওই পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।