বিদ্যুৎ নিয়ে হেলাফেলার কোনো সুযোগ নেই: সাবেক ছাত্রদল নেতা

বিদ্যুৎ সংকট নিয়ে সাধারণ মানুষের তীব্র দুর্ভোগের কথা স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মসমালোচনামূলক বক্তব্য দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ। ‘সবাই আমার মতো বিএনপির কর্মী না’ উল্লেখ করে তিনি বিদ্যুৎ সংকট বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন।
বুধবার (১২ আগস্ট) নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে রেজা শরীফ লেখেন, ‘আমি ছাত্রদল-বিএনপির কর্মী। তাই দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকলেও বিষয়টি আমার খারাপ লাগে না। বিদ্যুৎ না থাকলেও আমার দল রাষ্ট্রক্ষমতায় আছে—এটাই আমার কাছে বড় কথা। রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে আমার শৈশবের কথা মনে পড়ে। স্কুলজীবনে সন্ধ্যার পর পড়তে বসে ভাবতাম কখন বিদ্যুৎ যাবে, আর বিদ্যুৎ গেলেই বাইরে খেলতে যেতাম।’
তবে সাধারণ মানুষের বাস্তব পরিস্থিতি তুলে ধরে তিনি আরও লেখেন, ‘কিন্তু দেশের সব মানুষ তো আমার মতো বিএনপির কর্মী না। বিদ্যুৎ না থাকলে আমার শৈশবের সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে, আর সাধারণ মানুষের মনে জন্ম নেয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ।’
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির অবনতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাবেক এই ছাত্রদল নেতা লেখেন, ‘বর্তমান সময়ে এসে দিন-রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকা মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ খাতে বড় কোনো সমস্যা থাকলে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা/মন্ত্রী বা সংশ্লিষ্ট দপ্তর থেকে সংবাদ সম্মেলন করে বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত এবং বিদ্যুৎ সংকটের কথা জানিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করা প্রয়োজন।’
বিদ্যুৎকে আধুনিক জীবনের অপরিহার্য সেবা উল্লেখ করে স্ট্যাটাসের শেষাংশে রেজা শরীফ বলেন, ‘বর্তমান যুগে একজন সাধারণ মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো স্বাভাবিক বিদ্যুৎ সুবিধা পাওয়া। এ নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই।’
দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও বিদ্যুৎ সংকট ও জনদুর্ভোগ নিয়ে প্রকাশ্যে এমন আত্মসমালোচনামূলক স্ট্যাটাস দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মী হিসেবে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সততার সঙ্গে তুলে ধরায় নেটিজেনদের মধ্যে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।
.png)


