রাজশাহীতে মুরগিবোঝাই ভটভটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২

রাজশাহীর পুঠিয়ায় মুরগিবোঝাই ভটভটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার গন্ডগোহালী নিমতলা বাজারসংলগ্ন পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নগরীর কাশিয়াডাঙ্গার হরগ্রাম শেখপাড়ার মিলনের ছেলে নাইম (২০), একই এলাকার মিনারুলের ছেলে হালিম (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরপুরের দিক থেকে আসা মুরগিবোঝাই ভটভটি ও পুঠিয়ার দিক থেকে আসা বালুবোঝাই ডাম্প ট্রাক নিমতলা বাজারসংলগ্ন পুঠিয়া-তাহেরপুর সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
মুরগি ব্যবসায়ী মামুন হোসেন এশিয়া পোস্টকে বলেন, দুর্ঘটনায় আমার গাড়ির দুজন লোক মারা গেছে। আর দেড় লাখ টাকার মতো মুরগি ছিল। অনেক ক্ষতি হয়েছে। মুরগিগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুরগিবোঝাই ভটভটির সংঘর্ষে দুজন মারা গেছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন। ট্রাকটি জব্দ ও ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন।