বিমানবন্দরে ৫১ লাখ টাকার সিগারেট ও ১৩টি আইফোন জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআইয়ের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটের যাত্রীদের তল্লাশিকালে এসব পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা। এর মধ্যে রয়েছে মন্ড, প্লাটিনাম ও ইজি লাইট ব্র্যান্ডের মোট এক হাজার ৮০২ কার্টন সিগারেট এবং ১৩টি আইফোন।
এ ঘটনায় জড়িত তিন যাত্রী—মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদকে আটক করা হয়েছে। এদের কাছ থেকে এবং পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় পণ্যগুলো উদ্ধার করে এনএসআই।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যাগেজ সুবিধার বহির্ভূত হওয়ায় ডিএম (ডিটেনশন মেমো) মূলে পণ্যগুলো আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য উদ্ধারকৃত মালামাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


