অবৈধ মজুতের খোঁজে গিয়ে ধানক্ষেতে পাওয়া গেল ড্রামভর্তি তেল

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ক্ষেত থেকে ড্রামভর্তি ১৪৫ লিটার অকটেন জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর এলাকা থেকে অকটেন জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, নীলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিল। খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করেন করেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে গিয়ে ধানক্ষেতের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বড় ড্রাম পাওয়া যায়। পরে ড্রামটি খুলে ১৪৫ লিটার অকটেন জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, জব্দকৃত তেলের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অবৈধ জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।