একদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) সকালে হঠাৎ করে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামত শেষে শনিবার সকালে আবারও উৎপাদন শুরু করা হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ নম্বর ইউনিটটিও চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে চালু থাকা ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদন দিয়েই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ বজায় রাখছে।



