বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : এশিয়া পোস্ট

বরিশালের নদীভাঙন সমস্যা স্থায়ীভাবে নিরসনে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

মানববন্ধনে রহমাতুল্লাহ বলেন, বরিশালের নদীভাঙন একটি দীর্ঘদিনের সমস্যা। প্রতিবছর নদীগর্ভে বিলীন হচ্ছে অসংখ্য বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

এ ছাড়া তিনি নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী বাঁধ নির্মাণসহ টেকসই প্রকল্প বাস্তবায়নে সরকারের জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, চন্দ্রমোহন, চরমোনাই ও শায়েস্তাবাদ ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত মানুষ ছাড়াও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাড়ী, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ইসরাইল পণ্ডিত, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন, জাগুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন, বরিশাল মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান আলমগীর, মহানগর যুবদল নেতা মো. মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, নগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন এবং চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সদস্য সচিব ইলিয়াছ আহমাদ।

বিষয় :বরিশাল