logo

ময়মনসিংহ আইনজীবী সমিতি নির্বাচনে সব পদে বিএনপিপন্থিদের জয়

ময়মনসিংহ আইনজীবী সমিতি নির্বাচনে সব পদে বিএনপিপন্থিদের জয়

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের সবকটিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। তারা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সদস্য। সভাপতি পদে অ্যাডভোকেট মো. নূরুল হক এবং অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার অ্যাডভোকেট আবু রেজা বাবলু।

ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী এ টি এম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪০ জন ভোট দেন। রাতভর ভোট গণনার পর শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

বিএনপিপন্থি আইনজীবী প্যানেল সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে মীর এমরান আলী পাপেল ও এ কে এম মইনুল হোসেন মিলন, সহসম্পাদক পদে সজীব সরকার রোকন, মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও রাইসুল ইসলাম, অডিটর পদে মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ। 

এ ছাড়া কার্যকরী সদস্য পদে সাবিকুন্নাহার লিপি, রিয়াদ মো. সাঈদ, রেজাউল কিবরিয়া (সোহাগ মন্ডল), মো. শাহীন আলম, জায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী ও সামির আল রশিদ বিপ্লব সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ১৫ এপ্রিল ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে এ নির্বাচন থেকে ১৬ জনের প্রার্থিতা বাতিলের নোটিশ প্রকাশ করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সমিতির আহ্বায়ক অধ্যাপক অ্যাডভোকেট আব্দুল বারি। নোটিশে বলা হয়, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগীদের দাখিল করা মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হলো।