logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

পাঁচ বছরে দর্শনা রেলপথের রাজস্বে বড় ধস

পাঁচ বছরে দর্শনা রেলপথের রাজস্বে বড় ধস
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ডে সারিবদ্ধভাবে দাঁড়ানো পণ্যবাহী ওয়াগন। ছবি: এশিয়া পোস্ট

ভারত থেকে পণ্য আমদানি কমে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ। ডলার-সংকট, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং কূটনৈতিক ও বাণিজ্যিক নানা প্রতিবন্ধকতায় এ রুটে আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এর সরাসরি প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়ে। গত পাঁচ অর্থবছরে দর্শনা শুল্ক স্টেশন থেকে রাজস্ব আদায় কমেছে ৯০ শতাংশের বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এ রেলপথ থেকে রাজস্ব আদায় হয়েছিল ৮৪ কোটি ৬৬ লাখ টাকা। আর সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৮ কোটি ২৮ লাখ টাকায়। তবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের চিত্রে কিছুটা আশার আলো দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুল্ক ও রেলওয়ে কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, করোনাকালীন স্থবিরতা কাটিয়ে ২০২১-২২ অর্থবছরে দর্শনা রেলপথে বাণিজ্যিক কার্যক্রম বাড়ে। ওই অর্থবছরে রেকর্ড ৮৪ কোটি ৬৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে কমেছে রাজস্ব আয়।

Advertisement

অর্থবছরভিত্তিক রাজস্ব আদায়ের চিত্র

২০২১-২২ অর্থবছর: ৮৪ কোটি ৬৬ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছর: ৫৯ কোটি ১৭ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছর: ২৬ কোটি ৯৪ লাখ টাকা, ২০২৪-২৫ অর্থবছর: ১১ কোটি ৪০ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছর: ৮ কোটি ২৮ লাখ টাকা।

হিসাব অনুযায়ী, পাঁচ অর্থবছরের ব্যবধানে এ রুটে বার্ষিক রাজস্ব আদায় কমেছে ৭৬ কোটি ৩৮ লাখ টাকা। শতকরা হিসাবে এ পতনের পরিমাণ ৯০ দশমিক ২২ শতাংশ।

সরেজমিনে দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ডে গিয়ে দেখা যায়, একসময় দিন-রাত পণ্যবাহী ট্রেনের আসা-যাওয়া আর শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর থাকত ইয়ার্ডটি। এখন সেখানে আগের সেই ব্যস্ততা নেই। অধিকাংশ সময় পণ্য খালাসের কাজ বন্ধ থাকায় অলস সময় কাটাচ্ছেন ইয়ার্ডের ওপর নির্ভরশীল কয়েক হাজার দিনমজুর ও পণ্য ওঠানো-নামানোর শ্রমিক। কাজ না থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাদের।

দিনমজুর জয়নাল আবেদিন বলেন, আগে দিনে-রাতে সমানে মালগাড়ি আসত, আমাদের দম ফেলার সময় থাকত না। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় হতো। এখন সপ্তাহে দুই দিনও কাজ মেলে না। ইয়ার্ডে এসে বসে থেকে খালি হাতে বাড়ি ফিরতে হয়। পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করছি।

স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার-সংকট, ব্যাংকগুলোর ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভারত থেকে পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, আগে প্রতি মাসে ভারত থেকে ৭০ থেকে ৯০টি পণ্যবাহী র‍্যাক দর্শনায় আসত। বর্তমানে তা কমে ২৫ থেকে ৩০টিতে দাঁড়িয়েছে।

দর্শনা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব-উল-ইসলাম খোকন বলেন, ডলার-সংকট ও ব্যাংকগুলোর এলসি খোলার কঠোর শর্তের কারণে আমদানিকারকেরা দীর্ঘদিন ধরে চাহিদামতো পণ্য আমদানি করতে পারছেন না। এর পাশাপাশি ভিসা ও কূটনৈতিক জটিলতায় ব্যবসায়ীদের যাতায়াত কমে যাওয়ায় বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সম্প্রতি ব্যাংকিং ও বাণিজ্যিক জটিলতা কিছুটা শিথিল হওয়ায় আমদানি আবার বাড়তে শুরু করেছে।

এদিকে টানা পাঁচ বছরের পতনের পর চলতি ২০২৬-২৭ অর্থবছরে দর্শনা রেলপথে বাণিজ্যিক কার্যক্রম কিছুটা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এ রুট থেকে ১৪ কোটি ২৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ আয় গত পুরো অর্থবছরের রাজস্ব আদায়ের চেয়েও বেশি।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদ এশিয়া পোস্টকে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার-সংকট ও এলসি জটিলতার কারণে গত কয়েক বছর আমদানিকারকেরা পণ্য আমদানি করতে পারেননি। ফলে রাজস্ব আদায় তলানিতে নেমেছিল। তবে সম্প্রতি আমদানি-রপ্তানি বাণিজ্যের জটিলতাগুলো কাটতে শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আদায়ের চিত্রই প্রমাণ করে, দর্শনা রেলপথ আবারও আগের কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে।