logo
সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্ব

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ঝিনাইদহের শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত। ঘটনার পর স্থানীয়রা ওই বাড়িতে ভিড় জমান। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়েন। এ নিয়ে শনিবার দুপুরে তার ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মজিবুল ও রবিউলের মধ্যে মারামারি শুরু হয়। এতে দুই ভাইয়ের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা জড়িয়ে পড়েন। এ সময় রবিউল ইসলাম লাঠি দিয়ে বড় ভাই মজিবুল, তার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই মজিবুলের মৃত্যু হয়। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও স্থানীয়রা তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত রবিউলের স্ত্রীকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। রবিউলকে আটকের জন্য অভিযান চলছে।