logo

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপি নেতা হেলালের

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপি নেতা হেলালের
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। একই সঙ্গে সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় চব্বিশের গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) নগরীর কে. ডি. ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুলনা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

আজিজুল বারী হেলাল বলেন, গত ১৭ বছরে হত্যা, নির্যাতন ও অর্থপাচারের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতাপ বা অনুশোচনা নেই। বরং তারা আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমেও সংগঠনটি নিষিদ্ধ হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার পরও দলটির মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি।

তিনি বলেন, ইতিহাসের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে পরাজিতরা আর রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারে না। দুটি দেশের মধ্যে যুদ্ধ হলেও কোনো দেশ অন্য দেশের হাসপাতালে হামলা চালায় না। অথচ এই সংগঠন হাসপাতাল ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, সংসদ সদস্যদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছে।

দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে হেলাল বলেন, খুলনার ঐতিহ্যবাহী ‘সোনালি আঁশ’ খ্যাত পাটশিল্পকে যেভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে পশ্চিমবঙ্গে সরিয়ে নেওয়া হয়েছিল, একইভাবে এখন গার্মেন্টস খাতকে ধ্বংস করে রপ্তানি বাজার অন্য দেশে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সন্ত্রাসের পথ বেছে নিতে ভারত তার ভূখণ্ড ও প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ করে দিচ্ছে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠাতে হবে। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে।

ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু নির্যাতনের একটি উদাহরণও কেউ দেখাতে পারবে না। অথচ ভারতে গরু রক্ষার নামে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। সেদিকে নজর না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

টেলিভিশনের টকশো ও সংবাদপত্রের কলামে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার চেষ্টা করা ব্যক্তিদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন হেলাল। স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসীদের এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস মোকাবিলা করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।