২৫ মামলার আসামি ‘মাদক সম্রাট’ সুমন গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২৫ মামলার আসামি মো. সুমন প্রধান (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে গত ১৩ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
মো. সুমন প্রধান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মো. এবাদুল্লাহ প্রধানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ‘মাদক সম্রাট’ সুমন প্রধানকে উপজেলার চাপাতলী এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। সুমন প্রধান দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত, যার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে পূর্বেও ২৫টি মামলা রয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ৩টি সাজা জিআর পরোয়ানা ও একটি জিআর পরোয়ানামূলে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ২৫টি মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোর গ্যাং, মাদক ও অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

