স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি বড় দল। তাই নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন, এটাই স্বাভাবিক। তবে দলীয় সিদ্ধান্ত ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনেও গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই মহানগর বিএনপির কার্যালয় এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে নগরীর বাটার মোড় থেকে বিকেল চারটায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


