‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: টুকু

‘জাল যার, জলা তার’ নীতিতে হাওর ও নদী ব্যবস্থাপনা চলবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনার হাওরাঞ্চলে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জেলে এবং হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকেরা অবাধে মাছ ধরতে পারবেন। এর অংশ হিসেবেই হাওরে মাছের পোনা ছাড়া হচ্ছে।
তিনি আরও জানান, হাওরে মাছের উৎপাদন ও সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা হবে। হাওরের মাছের উৎপাদন বাড়াতে যেসব কাজ করলে আপনাদের উপকার হবে, আমরা সবই করব। তবে এ জন্য আমাদের কিছু সময় দিতে হবে। মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে এবং নিয়ম মানতে হবে।
তিনি জেলেদের অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে কেউ তিন টাকার আশায় ৩০০ টাকার মাছ নষ্ট করবেন না। আপনাদের আর কিছু চাইতে হবে না, রাস্তাঘাটসহ সব উন্নয়ন করা হবে।
এ সময় সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




