মাদারীপুরে থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
মাদারীপুরে থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ
ছবি : সংগৃহীত

মাদারীপুর সদর থানা হেফাজত থেকে হাসিনা বেগম নামের এক নারী আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

থানা ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) মাদারীপুরের ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদ ওই নারী আসামিকে গ্রেপ্তার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর সদর থানায় সোপর্দ করা হয়। অভিযোগ রয়েছে, ওই দিন রাত আনুমানিক ১টার দিকে তিনি থানা হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য। ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর থানা পরিদর্শন করেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এই বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

মাদারীপুর সদর থানার ওসি এবং মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, থানা থেকে নারী আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি আমি শুনেছি। তবে এই মুহূর্তে আমি অফিসের বাইরে আছি, তাই বিস্তারিত বলতে পারছি না।