logo

চা শ্রমিক ইউনিয়নের নতুন নেতৃত্বে রাজু ও মুকেশ

চা শ্রমিক ইউনিয়নের নতুন নেতৃত্বে রাজু ও মুকেশ
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক মুকেশ কর্মকার। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী প্রাথমিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।

Advertisement

কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সহসভাপতি মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ১৩৫টিসহ দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে নির্মল দাস পাইনকা, সহসভাপতি পদে জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে সুভদ্রা মুন্ডা প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে প্যানেল-২ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে মিঠুন সিংহ রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে শিমুল কর্মকার ছিলেন।

সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জের চান্দপুর চা বাগানের নিপেন পাল, আমু চা বাগানের মুকেশ কর্মকার এবং মৌলভীবাজারের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি।

এদিকে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্যানেলভিত্তিক পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল অনুযায়ী জেলার মোট ১৩৫টি বাগানের মধ্যে ১৩৩টি বাগানে নতুন প্যানেল সভাপতি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪টি বাগানে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুটি বাগানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোট সমান হওয়ায় ফলাফল অমীমাংসিত রয়েছে।

কুলাউড়া উপজেলার সিরাজনগর চা বাগানে লক্ষী প্রসাদ রাজগৌড় ও শ্যাম লাল পাশী উভয়েই ৪৯টি করে ভোট পেয়েছেন। অন্যদিকে রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানে (ফাঁড়ি) স্বপন বাউরী ও রতন লাল বাউরী উভয়েই ১৩০টি করে ভোট পেয়েছেন।

ফলাফল অনুযায়ী, শ্রীমঙ্গলের ৪০টি বাগানের মধ্যে চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। কুলাউড়ার ২২টি বাগানের মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজনগরের ১৩টি বাগানের মধ্যে একটিতে, জুড়ীর ১৬টি বাগানের মধ্যে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। কমলগঞ্জের ২৩টি বাগানের মধ্যে চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং বড়লেখার ১৮টি বাগানের মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ বলেন, নির্বাচনে বিজয়ীদের পাশাপাশি দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে দেশের সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।