মাসে লাখ টাকা লোকসান, তবুও হাল ছাড়েননি তরুণ উদ্যোক্তা শহিদ

খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মুরগির বাচ্চা কেনার বাড়তি খরচ, ডিলার ও ব্যাংকঋণের চাপে চরম দুর্দিন পার করছেন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হুজুরী গ্রামের তরুণ পোল্ট্রি উদ্যোক্তা মো. শহিদুল ইসলাম। এত প্রতিকূলতার মধ্যেও তিনি ধরে রেখেছেন খামার ব্যবসা।
২০১৬ সালে তেমুহনীতে হোটেল ব্যবসার পাশাপাশি বাড়তি আয়ের আশায় ১১ শতাংশ জমির ওপর ‘মেসার্স শহীদ এগ্রো ফার্ম’ গড়ে তুলেছিলেন শহিদ। তবে ক্রমাগত লোকসানের বোঝা বইতে গিয়ে এখন খামার ব্যবসা টিকিয়ে রাখাই তার জন্য দায় হয়ে পড়েছে।
বর্তমানে তার খামারে দুই হাজার ২০০টি মুরগি রয়েছে। প্রতি মাসে গড়ে ৫ লাখ টাকার মুরগি বিক্রি করলেও লোকসান গুনতে হচ্ছে এক লাখ টাকারও বেশি। এর মূল কারণ উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান।
শহিদ ইসলাম জানান, আগে যে পোল্ট্রি বাচ্চার দাম ছিল ২৫ টাকা, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকায়। অন্যদিকে, প্রতি বস্তা খাদ্যের দাম ৩ হাজার ৪৫০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৭৮০ টাকা হয়েছে। অর্থাৎ বস্তাপ্রতি খরচ বেড়েছে ২৫০ টাকারও বেশি। তবে খামার পরিচালনা ও পোল্ট্রি খাদ্যের দাম যে হারে বেড়েছে, সে তুলনায় বাজারে মুরগির দাম বাড়েনি।
ব্যবসা চালু রাখতে গিয়ে খামারে কর্মরত দুই শ্রমিককে প্রতি মাসে ১৮ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা বেতন দিতে হচ্ছে শহিদকে। এর বাইরেও ছোট ফেনী নদীর ভাঙন ও ২০২৪ সালের বন্যায় তার ৯ শতাংশ জমির ওপর থাকা আরেকটি খামার বিলীন হয়ে যায়। তবে এ ঘটনায় তিনি কোনো ধরনের সরকারি সাহায্য বা অনুদান পাননি।
সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকঋণ ও ডিলারদের পাওনা। কৃষি ব্যাংকে বর্তমানে তার ৬ লাখ টাকার ঋণ রয়েছে। এত কষ্ট ও লোকসানের পরও খামারের প্রতি ভালোবাসা থেকে এখনও এ ব্যবসা আঁকড়ে ধরে আছেন তিনি।
শহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ব্যাংকের সুদের কিস্তি মেটাতে গিয়ে বাধ্য হয়ে লোকসান দিয়েও খামার চালু রাখতে হচ্ছে। তা না হলে ডিলারদের নানা হুমকি এবং ব্যাংকের অব্যাহত চাপে দিশেহারা হয়ে পড়তে হয়।
তিনি আরও বলেন, সরকার যদি নতুন উদ্যোক্তাদের বিনা সুদে ঋণ দিতে পারে, তবে আমাদের মতো পুরোনো ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কী দোষ? আমাদের কেন বিনা সুদে ঋণের সুবিধা দেওয়া হবে না? পোল্ট্রি শিল্প বাঁচাতে এ খাতে সরকারের নজর দেওয়া উচিত। নইলে আমাদের মতো হাজারো খামারি হারিয়ে যাবেন।