logo

তালাক দিলে আর ফ্যামিলি কার্ড থাকবে না: চিফ হুইপ

তালাক দিলে আর ফ্যামিলি কার্ড থাকবে না: চিফ হুইপ
বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভায় জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: এশিয়া পোস্ট

ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারেক রহমান তালাক বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, একটা সময় সামান্য কিছু হলেই তালাক দেওয়া হতো। কিন্তু এখন ফ্যামিলি কার্ড আছে। তালাক দিলে আর ফ্যামিলি কার্ড থাকবে না। তাই তালাক দেওয়া বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ ঘাটতি নিয়ে চিফ হুইপ বলেন, শেখ হাসিনা আদানির সঙ্গে যে চুক্তি করেছেন, সেই টাকায় দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করা যেত। কিন্তু তিনি তা না করে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করে বিদ্যুৎ কিনেছেন।

জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহার নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে হত্যার জন্য স্নাইপার নিয়ে এসেছিলেন এবং সেটাই করেছেন।

তেলের দাম বৃদ্ধি নিয়ে নুরুল ইসলাম মনি বলেন, কিছু মানুষ সরকারকে সংকটে ফেলার জন্য কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বিশ্বের ৮৫টি দেশে একসঙ্গে তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু তারেক রহমান দাম বাড়াননি।

শেখ হাসিনার রেখে যাওয়া ঋণের মধ্যে তারেক রহমান ইতিমধ্যে ২০৫ কোটি ডলার পরিশোধ করেছেন বলেও জানান তিনি।