এবার খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে ফাঁকা গুলি
-68f4c8-720x405.webp)
খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) রাতে নগরের বাবুখান রোডে খুলনা থানাধীন এলাকায় ক্লিনিকটির বিপরীত দিক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি ছোড়েন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ক্লিনিকটির বাইরে থেকে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ ছাড়া একই দিন সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে দুর্বৃত্তদের গুলিতে আকাশ কুমার কুণ্ডু নামে এক মুদি দোকানদার আহত হয়েছেন। গুলিবিদ্ধ আকাশ কুমার কুণ্ডু টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিব পদ কুণ্ডুর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা আকাশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

